৪০ বছর বয়সে ফাফ ডু’প্লেসি কি আবারও বয়সভিত্তিক ক্রিকেটে ফিরলেন? সেটা কীভাবে সম্ভব? ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব উপলক্ষে নামিবিয়ার স্কোয়াড দেখে এমনই বিভ্রান্ত হয়েছে ক্রিকেট দুনিয়া। কারণ, নামিবিয়ার অধিনায়কের নাম ফাফ ডু’প্লেসি! নামের মিল থাকলেও এই তরুণ মোটেও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু’প্লেসি নন।
নামিবিয়ার অধিনায়ক ডু’প্লেসির বয়স মাত্র ১৭ বছর। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাত্র ৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই তরুণকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব বিশ্বকাপের বাছাইপর্বে ডিভিশন-১ এ আছে নামিবিয়া। আফ্রিকার দেশগুলিোকে নিয়ে তৈরি এই ডিভিশনে আরও আছে কেনিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিওন, তাঞ্জানিয়া ও উগান্ডা। আগামী ২৮ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে নামিবিয়া।
এদিকে নামিবিয়া অধিনায়ক হিসাবে ডু’প্লেসির নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল। অনেকে শুরুতে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু’প্লেসির সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। কেউ কেউ আবার মনে করেছিলেন যে, নামিবিয়া ক্রিকেট হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো ভুল করেছে। কিন্তু দ্রুতই সবার ভুল ভেঙেছে। সবাই বুঝে গেছে, এই ডু’প্লেসি সেই ডু’প্লেসি নন।
উল্লেখ্য, ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ জিম্বাবুয়ে। ২০২৪ সালের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। আর প্রোটিয়া তারকা ডু’প্লেসি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান। আসন্ন আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসে খেলবেন।
