আন্তর্জাতিক ফুটবল ফেরার দিনেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি দিয়ে ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ম্যাচের প্রস্তুতি নিয়ে রাখতে পারবে ব্রাজিলিয়ানরা।
ব্রাজিলের জন্য দুঃসংবাদ হলো, বাছাইপর্বের স্কোয়াড থেকে ছিটকে গেছেন নেইমার। চোট তার পিছু ছাড়ছেই না। তাই ১৭ মাস পর স্কোয়াডে ফিরেও মাঠে না নামেই ছিটকে যেতে হয়েছে। এছাড়া চোটের কারণে একই দুঃসংবাদ দিয়েছেন ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসন মোরায়েস। পরে তিনজনের পরিবর্তে স্কোয়াডে ডাক পড়েছে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এন্দ্রিকের।
ব্রাজিল কোচ দরিভালেরও এখন পুরো নজর কলম্বিয়া ম্যাচের দিকে। তবে সর্বশেষ কোপা আমেরিকার রানার্সআপ দলটির বিপক্ষে ভালো ফলের ব্যাপারে তিনি আশাবাদী, ‘আশা করি, আমরা উন্নতির ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারব। ভীষণ গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে দল আত্মবিশ্বাস অর্জন করতে শুরু করেছে। দারুণ দুটি প্রতিপক্ষের বিপক্ষে এই মুহূর্তে বিশেষ সতর্কতা দরকার।’
কলম্বিয়াকে সমীহ করে দর্শকদের থেকে সমর্থনও চেয়েছেন দরিভাল, ‘তারা ঐতিহ্যবাহী এবং খুবই ধারাবাহিক একটি দল। কলম্বিয়া প্রতিনিয়ত উন্নতির পথে আছে। তাদের রোমাঞ্চকর কিছু খেলোয়াড় আছে, যারা ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে খেলে। ভক্তদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আমি নিশ্চিত তাদের উপস্থিতিতে মানে গারিঞ্চার গ্যালারি পূর্ণ থাকবে। আমরা শক্তিশালী একটি দলের বিপক্ষে দারুণ প্রদর্শনী মেলে ধরে ভালো একটি ম্যাচ খেলব। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
এখন প্রশ্ন, কোন লাইনআপে একাদশ সাজাবেন দরিভাল? কানাঘুষা আছে যে, কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-২-১ ফরম্যাটে রণপরিকল্পনা করছেন ব্রাজিল কোচ। মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটনে খেলা জোয়াও পেদ্রো। এছাড়া ভিনিসিয়ুস-রদ্রিগো-রাফিনহা তো আছেনই। এডারসন না থাকায় গোলবার সামলাতে হতে পারে আলিসন বেকারকে। আর রক্ষণে থাকতে পারেন মার্কিনিওস, মাগালায়েসদের সঙ্গে গুইলার্মে অ্যারানা ও ভেন্ডারসন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার, ভ্যান্ডারসন, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, গুইলার্মে অ্যারানা, গারসন, ব্রুনো গুইমারেস, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা এবং জোয়াও পেদ্রো।
বিশ্বকাপে সবার আগে সূর্যোদয়ের দেশ
ক্রিকেট ‘সবচেয়ে বিজ্ঞাপনবান্ধব খেলা’, তাই টাকা ঢালছেন অভিষেক বচ্চন
বলে লালা মেশানো চালু হচ্ছে আইপিএলে, আসছে দ্বিতীয় বলের আইন
গম্ভীর না থাকলেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নাইটদের