বিমসটেক সম্মেলন

‘সম্ভাবনা নেই’ ব্যাংককে ইউনূস-মোদি বৈঠকের

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:৪৮ পিএম

আগামী মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে আলোচনায় এসেছিল সেখানে এ দুই নেতার বৈঠকের কথা।

বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছিলেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের জন্য দিল্লিকে ঠিঠি দেওয়া হয়েছে। তবে আগামী ৩-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত এ সম্মেলনে মোদি ও ইউনূসের বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠকের অনুকূল নয়। বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন ও তিক্ততার পরিপ্রেক্ষিতে বৈঠকের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘সাক্ষাৎ বা কুশল বিনিময়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের একাধিকবার একে-অপরের দেখা হবে। কিন্তু এর বেশি কিছু প্রত্যাশা করা হচ্ছে না।’

অপর সূত্র বলেন, ‘আনুষ্ঠানিক বৈঠক কঠিন মনে হয়, বিশেষ করে যখন প্রায় প্রতিদিনই অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলছেন। এসব বিষয় বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়ক নয়’।

এদিকে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত হবে বিমসটেকের এ সম্মেলন। এতে সদস্য রাষ্ট্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এবারের বিমসটেক সম্মেলনটি এমন সময় হচ্ছে যখন বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত