কুমিল্লা নগরীর অশোকতলার অগ্রণী ব্যাংক বিসিক শাখা বহুতল ভবনে আগুন লেগেছে। শুক্রবার বিকেলে ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এ সময় নামতে গিয়ে হুড়োহুড়িতে শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, ভবনের প্রথম তলায় স্বপ্নের শোরুম, দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক ও তৃতীয় তলায় একটি কোচিং সেন্টার রয়েছে। বাকি ছয়তলা আবাসিক। এর মধ্যে হঠাৎ নিচতলায় আগুন লাগে। আগুনে অগ্রণী ব্যাংকের এসি গলে যায়। এছাড়া ওপরে কোচিং সেন্টার থেকে হুড়োহুড়ি করে নামার সময় শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই নাছির হোসেন।
এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
