বক্সিং বিশ্বের কিংবদন্তি হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান ৭৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: বিবিসি
ফোরম্যান, যিনি রিংয়ে ‘বিগ জর্জ’ নামে পরিচিত ছিলেন, ১৯৬০-এর দশক থেকে কয়েক দশক ধরে বক্সিং জগতে সক্রিয় ছিলেন। তিনি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন এবং একাধিক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট তার ঝুলিতে যুক্ত করেছেন। ১৯৭৪ সালে মুহাম্মদ আলির বিপক্ষে ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ নামের ঐতিহাসিক লড়াইয়ে তিনি তার প্রথম বিশ্ব টাইটেল হারান। তবে তার পেশাদার বক্সিং ক্যারিয়ারে ৬৮টি নকআউট জয় রয়েছে, যা আলির নকআউট জয়ের প্রায় দ্বিগুণ। তার ক্যারিয়ারে মাত্র পাঁচটি লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন।
ফোরম্যান প্রথমবারের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ১৯৭৩ সালে। এরপর ১৯৯৪ সালে, ৪৫ বছর বয়সে, তিনি আবারও এই শিরোপা জয় করেন। ১৯৯৭ সালে তিনি বক্সিং থেকে অবসর নেন।
গতকাল রাতে ইনস্টাগ্রামে একটি পোস্টে তার পরিবারের সদস্যরা লিখেছে, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ প্রচারক, নিষ্ঠাবান স্বামী, স্নেহশীল পিতা এবং গর্বিত দাদা ও প্রপিতা। তিনি অটুট বিশ্বাস, বিনয় ও লক্ষ্য নিয়ে জীবনযাপন করেছেন।’
ওই পোস্টে আরও বলা হয়েছে, ‘তিনি ছিলেন একজন মানবহিতৈষী, অলিম্পিয়ান এবং দুইবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন। তিনি গভীরভাবে সম্মানিত ছিলেন—সৎ কাজের জন্য এক বলিষ্ঠ ব্যক্তিত্ব, শৃঙ্খলা ও দৃঢ় প্রত্যয়ের মানুষ এবং তার উত্তরাধিকারের রক্ষক। তিনি তার পরিবারের জন্য তার সুখ্যাতি অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে লড়াই করেছেন।’
তার ক্রীড়া ক্যারিয়ারে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেলেও, ফোরম্যান তার আইকনিক ‘জর্জ ফোরম্যান গ্রিল’-এর জন্যও বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৯৪ সালে বাজারে আসার পর থেকে এই গ্রিল কয়েক দশকে কয়েক মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে।
ফোরম্যানের ১২টি সন্তান রয়েছে। তার পাঁচ ছেলের নামই জর্জ। তিনি তার ওয়েবসাইটে ব্যাখ্যা করেছিলেন যে, তিনি তার ছেলেদের নিজের নামে নামকরণ করেছেন যেন তারা ‘সবসময় একটি সাধারণ বন্ধনে আবদ্ধ থাকতে পারে।’
তিনি বলেছিলেন, ‘আমি তাদের বলি, ‘‘আমাদের একজন যদি ওপরে ওঠে, তবে আমরা সবাই ওপরে উঠব। আর যদি একজন নিচে পড়ে, তবে আমরা সবাই নিচে পড়ব!’’’
জর্জ ফোরম্যানের মৃত্যুতে বিশ্বজুড়ে তার অনুরাগী ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন। তার অবদান ও সাফল্য বক্সিং ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভবনা
টিভিতে আজ যেসব খেলা
দুশ্চিন্তার নাম শিলংয়ের টার্ফ