সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়াই। ম্যাচটিতে খেলতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের মূল অস্ত্র লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং পাওলো দিবালা। এমন ম্যাচেই উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তাই ম্যাচ শেষে উচ্ছাস প্রকাশ করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
সেন্টিনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৮তম মিনিটে হুলিয়ান আলভারেজের থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে একমাত্র গোলটি করেন থিয়াগো আলমাদা। মেসি-মার্টিনেজ না থাকলেও আর্জেন্টিনা গোলমুখে মোটা ১২টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে উরুগুয়ে নিয়েছে ৬টি শট। তবে বল দখলে আর্জেন্টিনার (৪৫ শতাংশ) চেয়ে এগিয়ে ছিল উরুগুয়ে (৫৫ শতাংশ)।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমি কি সন্তুষ্ট না হয়ে পারি! শুধু জয়ের জন্য নয়; বরং ছেলেরা যেভাবে খেলেছে, তার জন্য। আমরা পরিপূর্ণ একটা ম্যাচ খেলতে পেরেছি। চাপ সয়ে নিতে পেরেছি। যখন আক্রমণাত্মক খেলার দরকার ছিল, খেলেছি। যখন রক্ষণাত্মক দরকার ছিল, সেটাও খেলেছি।’
আর্জেন্টিনা কোচ আরও জানালেন, তার দল কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তার ভাষায়, ‘আমাদের জাতীয় দল এমন একটি দল, কেউ একজন না থাকলে আরেকজন সেখানে ভূমিকা রাখে। এমনকি আজ যখন গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছিল না, তারপরও আমরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছি। হতে পারে পারফরম্যান্স (গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তুলনা) ভিন্ন। কিন্তু দলটা মাঠে নামে অন্য সব নামকে এক পাশে সরিয়ে রেখেই।’
২ হাজারতম গোলের ম্যাচে নিশ্চিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা
কখন, কীভাবে দেখবেন আইপিএলের উদ্বোধন?
চাহাল-ধনশ্রীর বিচ্ছেদের কারণ পরকীয়া?