গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নূর আলমকে অপহরণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, জাতীয় নাগরিক কমিটির (জানাক) নেতা ইমন মোল্লাসহ ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত আওয়ামী লীগ নেতাকে নগরীর বসুপাড়া এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়।
আটক অন্যরা হলেন- জিয়াউস সাদাত , জাতীয় নাগরিক কমিটির নেতা ইমনের সহযোগী জয় হাসান এবং সাকিব রহমান। ইমন মোল্লা জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা কমিটির সদস্য এবং পিয়ারু খুলনা মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. তৈমুর ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী নূর আলমের ছেলে নগরীর বসুপাড়া এলাকায় বসবাস করেন। সেই সুবাদে নূর আলম খুলনায় অবস্থান করতেন। শুক্রবার রাতে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। তাকে বসুপাড়ার একটি বাড়িতে রেখে ছেলের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নূর আলমের ছেলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানায়।
পুলিশের পরিকল্পনায় অপহরণকারী দলের সদস্যরা মুক্তিপণ নিতে নগরীর ময়লাপোতা মোড়ের হোটেল গ্র্যান্ড প্লাসিডের সামনে আসলে ইমন মোল্লাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অপহৃত আওয়ামী লীগ নেতা নূর আলমকে উদ্ধার করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
গোয়েন্দা পুলিশের আরেক কর্মকর্তা জানান, এর আগেও ইমন মোল্লা জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করেছে। যুবদল নেতা পিয়ারুর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।
