বকেয়া বেতনের দাবির আন্দোলনে এসে হঠাৎ অসুস্থ, হাসপাতালে মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম রাম প্রসাদ সিং (৪০)। গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্রাফট লিমিটেডের সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার ছিলেন তিনি।

আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাম প্রসাদ। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করেন রাম প্রসাদ সিং। কারখানাটিতে ২০১৯ সালের পর থেকে বেতন ভাতা অনিয়মিত। কয়েক মাস পরপর এক মাসের বেতন পরিশোধ করে। সবশেষ গত ১৪ মাসের বেতন ভাতা বাকি। এই বেতন ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। সবশেষ গত ৫ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াইশ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।

কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় কোয়ালিটি নির্বাহী রাম প্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় ইসলামী ব্যাংক হাসপাতালে। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি ফেনির ফুলগাজী উপজেলায়। অবিবাহিত ছিলেন তিনি। থাকতেন গাজীপুর চৌরাস্তা লক্ষ্মীপুরা এলাকায়।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত