জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই বল হাতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন তরুণ পেসার নাহিদ রানা। অল্প সময়ের মধ্যেই তার গতির ঝড় নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটের। সেই ধারাবাহিকতায় এবার ডাক পেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে।
ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। বাবর আজম, সাইম আইয়ুবদের মতো তারকাদের সঙ্গে একই দলে মাঠে নামবেন এই বাংলাদেশি পেসার। আগামী ১১ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে খেলার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্রের (এনওসি) আবেদন করেছেন নাহিদ।
নিজেই এনওসি আবেদনের বিষয়টি গ নিশ্চিত করেছেন নাহিদ রানা। জানিয়েছেন, পুরো সিজনের জন্যই তিনি ছাড়পত্র চেয়েছেন। তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের, যে কারণে পুরো আসরের জন্য ছাড়পত্র পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, টেস্ট দলের পরিকল্পনায় না থাকায় লেগ স্পিনার রিশাদ হোসেন পুরো আসরের জন্য ছাড়পত্র পেতে পারেন। তবে লিটন দাস এবং নাহিদ রানা নির্দিষ্ট সময়ের জন্যই ছাড়পত্র পাবেন বলে জানা গেছে। বোর্ড সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে নিশ্চিত করেছে সেই সূত্রটি।
নাহিদের পিএসএলে অংশগ্রহণ নিশ্চিত হলে এটি হবে তার ক্যারিয়ারের একটি বড় অর্জন। পিএসএলে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও পরিচিতি লাভের সুযোগ পাবেন এই টাইগার স্পিডস্টার। এখন দেখার বিষয়, পেশোয়ার জালমির হয়ে তিনি কেমন পারফর্ম করেন।
যেভাবে ২০২৬ বিশ্বকাপ খেলতে পারেন নেইমার, বলে দিলেন রোনালদো
সেঞ্চুরি ইশানের, ২ রানের জন্য নিজেদের রেকর্ড ভাঙতে পারল না হায়দরাবাদ