সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান। আমরা তাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। আপনাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।
আজ রবিবার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৪ হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।
এ সময় সেনাপ্রধান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়
ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।
