বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দেশের সবচেয়ে বড় তারকা হয়েও বোর্ডের কাছ থেকে পাননি কাঙ্ক্ষিত সমর্থন। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে চেয়েছিলেন, বোলিং অ্যাকশন শুধরে নিতে শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে বিশেষ ক্যাম্প করতে চেয়েছিলেন। বিসিবির কাছে অনুরোধও করেছিলেন। কিন্তু বোর্ড তাতে কর্ণপাতই করেনি!
সম্প্রতি ক্রিকবাজ ও ডেইলি সানের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
বিসিবির সমর্থন না পাওয়ার ফলে শেষ পর্যন্ত ৮ দলের টুর্নামেন্টের দলে জায়গা হয়নি তার। অথচ পরে ইংল্যান্ডে গ্যারেথ ব্যাটির অধীনে দুই সপ্তাহ কাজ করে সহজেই পরীক্ষায় পাস করেছেন সাকিব।
গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয় আম্পায়ারদের। এরপরই পরীক্ষা দিয়ে নিষিদ্ধ হন তিনি। পরে ইংল্যান্ড ও ভারতে দু’দফা পরীক্ষায়ও পাস করতে পারেননি। কিন্তু তখনই যদি বিসিবি তাকে সালাউদ্দিনের সঙ্গে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিত, তাহলে হয়তো এতদিন অপেক্ষা করতে হতো না।
ডেইলি সানকে সাকিব জানিয়েছেন, বিসিবির কাছে তিনি প্রস্তাব দিয়েছিলেন, সালাউদ্দিনের সঙ্গে এক সপ্তাহ কাজ করার সুযোগ পেলেই পরীক্ষায় বসবেন। ব্যর্থ হলে বাদ দেওয়া যাবে। তবে বিসিবি কোনো উত্তর দেয়নি। নির্বাচকরা বা ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীনও তার সঙ্গে যোগাযোগ করেননি।
অবশেষে ইংল্যান্ডে সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির অধীনে কঠোর অনুশীলনের পর তৃতীয় পরীক্ষায় পাস করেছেন সাকিব। তার প্রক্রিয়াটি দেখভাল করেছেন ঘনিষ্ঠ বন্ধু সিরাজুল্লাহ খাদের (নিপু)। তিনিই জানিয়েছেন, সাকিব এবার ছিল সম্পূর্ণ প্রস্তুত। তাই কোনো সমস্যাই হয়নি।
ক্রিকবাজকে নিপু বলেন, ‘প্রথম দুইবার সে তাড়াহুড়ো করেছিল। কিন্তু এবার ধাপে ধাপে নিজেকে গুছিয়ে নিয়েছে।’
এত কিছুর পরও সাকিব অবশ্য অভিযোগ তুলতে চান না। বরং অতীত ভুলে সামনে এগোতে চান। তবে বিসিবির সঙ্গে যোগাযোগ আরও ভালো হলে ভালো লাগত—এ কথাও বলেছেন অকপটে। সাকিব ডেইলি সানকে বলেন, ‘দেখুন, আমার কোনো অভিযোগ নেই। কিন্তু যদি যোগাযোগটা ভালো হতো, তাহলে আরও খুশি হতাম।’
এখন প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সাকিব ফিরবেন কি না। বিসিবি কি তাকে ফেরাবে, নাকি আবারও অবহেলাই হবে তার কপালে? অপেক্ষা আপাতত সেখানেই।
পিএসএলে খেলতে এনওসি চাইলেন নাহিদ রানা
যেভাবে ২০২৬ বিশ্বকাপ খেলতে পারেন নেইমার, বলে দিলেন রোনালদো