সিসিইউতে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে তামিম 

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৩:৪০ পিএম

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর বর্তমানে সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। রবিবার সকালে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এনজিওগ্রাম পরীক্ষায় তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত একটি ব্লক সরিয়ে সেখানে রিং (স্টেন্ট) বসানো হয়েছে। 

রবিবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করেছিলেন তামিম ইকবাল। টসে হেরে ফিল্ডিংয়ে নামে মোহামেডান। কিন্তু ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন এবং ড্রেসিংরুমে বিশ্রাম নেন। প্রথমে গাড়িতে করে হাসপাতালে নেওয়ার পরিকল্পনা থাকলেও তামিমের অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টার আনার সিদ্ধান্ত হয়। তবে শেষ পর্যন্ত তাকে সড়কপথেই দ্রুত কেপিজে হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালে নেওয়ার পরপরই ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তামিমকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। পরে এনজিওগ্রাম পরীক্ষায় তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে। দ্রুত একটি ব্লক সরিয়ে সেখানে রিং (স্টেন্ট) বসানো হয়। 

চিকিৎসকরা জানিয়েছেন, হার্টের সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে আরও কিছু সময় লাগবে। আপাতত তাকে সিসিইউতে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর অবস্থা স্থিতিশীল হলে ঢাকায় স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজীব জানান, ‘তামিম ভাই আজ সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিন্তা করেছিলাম, তাকে ঢাকায় স্থানান্তর করা যেতে পারে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেটি সম্ভব হয়নি। কিছুক্ষণ পর তার কন্ডিশন আরও ক্রিটিক্যাল হয়ে যায়, তখনই প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়।’ 

তিনি আরও বলেন, ‘তামিমের একটি হার্ট অ্যাটাক হয়েছে। তাই দ্রুত এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিং খুব স্মুথলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখন ব্লকটি পুরোপুরি চলে গেছে। তবে তামিম এখনও ক্রিটিক্যাল পর্যায়ে আছেন, তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’ 

তামিমের পরিবার ও ঘনিষ্ঠজনরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন দেশের অন্যতম সফল এই ব্যাটসম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত