‘মঙ্গল শোভাযাত্রায়’ থাকছে আবু সাঈদের ২০ ফুট ভাস্কর্য

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

এবারের পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রায়’ থাকছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ২০ ফুট দৈর্ঘ্যের একটি ভাস্কর্য। এছাড়াও শোভাযাত্রায় বড় আকারে রাজা-রানির অন্তত চারটি মুখোশ, বাঘ, প্যাঁচা, পাখি, ফুল—এসবের শতাধিক মুখোশ থাকবে বলে জানা গেছে।

‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এ স্লোগনকে এবারের নববর্ষ উদ্‌যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এবার শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক। এতে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে।

তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদানগুলো নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে। শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে তারা শোভাযাত্রায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বের হবে ‘মঙ্গল শোভাযাত্রা’। শোভাযাত্রার আয়োজক ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ জানিয়েছেন, ‘এবার প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যে রয়েছে আবু সাঈদের ২০ ফুট দীর্ঘ একটি ভাস্কর্য। তার দুই হাত প্রসারিত ও বুক টান করে দাঁড়ানোর দৃশ্যটি সেই ভাস্কর্যে তুলে আনা হবে। আরও থাকবে স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য।’

এদিকে, এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা শোনা গেলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। বর্ষবরণের ঐতিহ্যবাহী এই শোভাযাত্রার নাম অন্তর্বর্তী সরকার পরিবর্তনের চিন্তা করছে বলে দুদিন আগে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন। তবে গতকালের বৈঠক শেষে শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত