ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৮:১৮ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এ নিয়ে এই ভূখণ্ডে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজার ২০০ জনে পৌঁছেছে।  

গতকাল বুধবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলায় অন্তত আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে ৫০ হাজার ১৮৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।  

এছাড়া, ইসরায়েলের হামলায় আরও ১২৪ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর থেকে গাজায় আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৩ হাজার ৮২৮ জনে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।  

উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ইতোমধ্যে ৮৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ হাজার ৮০০ জন। ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে।  

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।  

এছাড়াও, গাজায় চলমান আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত