ফরিদপুরের বোয়ালমারীতে অটোরিকশার চাপায় দাদি ও নাতি নিহত হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলের দিকে উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মহম্মদপুর-বোয়ালমারী সড়কের শাহ জাফর মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাট ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৪০) ও তার ৪ মাসের নাতি মহসিন।
স্থানীয়রা জানায়, মাগুরার মহম্মদপুর-বোয়ালমারী সড়কে বোয়ালমারীগামী একটি অটোরিকশা রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম (৪০), জুনু বেগম (৫০) ও তাদের কোলে থাকা ৪ মাসের নাতি মহসিনকে চাপা দিয়ে উল্টে যায়। এ সময় মারাত্মক আহত পারভিন বেগম ও নাতি মহসিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অটোরিকশায় থাকা চালক ও চালকের স্ত্রীও আহত হন। তাদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং চাপা পড়া আর এক মহিলা জুনু বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গ্রামপুলিশ (চৌকিদার) রেজাউল করিম জানান, অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির সামনে বসে থাকা পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা নাতিকে নিয়ে চাপা দিয়ে উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ইজিবাইক চাপায় দাদি-নাতি নিহত হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের
জি কে শামীমকে সাড়ে ৫ বছরের কারাদণ্ড, খালাস পেলেন তার মা