ঈদ যাত্রা

পদ্মা সেতুতে চাপ বাড়লেও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম

এবারের ঈদ যাত্রায় পদ্মা সেতুতে যানবাহনের চাপ থাকলেও নির্বিঘ্নে পারাপার হচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ঈদের ছুটি শুরু হওয়ার একদিন আগেই কর্মব্যস্ত নগরী রাজধানী ছেড়ে, গ্রামের মেঠো পথের টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে।

সরজমিনে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে দেখা যায়, আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে যানবাহনের চাপ। তবে এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায়, উৎসবের রঙে স্বস্তির হাসি ফুটেছে মানুষের মুখে। কিন্তু গণপরিবহন ও যাত্রীবাহী বাসে বাড়তি ভাড়া আদায় অভিযোগ করেছেন অনেকে। পদ্মা সেতু পার করতে ২০০ টাকা করে জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে।

এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা।

সেতু কর্তৃপক্ষ বলছে, শুক্রবার (২৮ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হলে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে সেতুতে। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ দেশ রূপান্তরকে জানান, সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। এ সময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৯৯২টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ২৬ হাজার যানবাহন।

পদ্মা সেতু (উত্তর) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, যাত্রী নিরাপত্তার জন্য দিনরাত পদ্মা সেতু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি টহল টিম রাখা হয়েছে। তার সাথে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ দ্বারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টহল টিম মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়তে থাকে তবে কোনো যানজট বা যানবাহনের দীর্ঘ সারি ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত