১৬২ রানের পর সাহিবজাদার ব্যাটে এবার ৭২ বলে ১৪৮

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম

অপ্রতিরোধ্য! ব্যাট হাতে যেন রানের সুনামি বইয়ে দিচ্ছেন সাহিবজাদা ফারহান। এক ম্যাচের বিরতি দিয়ে আবারও অতিমানবীয় রূপে ফিরলেন পাকিস্তানি ওপেনার। জাতীয় টি-টোয়েন্টি কাপে বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন তিনি।

বুধবার ফয়সালাবাদে অ্যাবোটাবাদের বিপক্ষে সেমি-ফাইনালে মাত্র ৭২ বলে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেন সাহিবজাদা। চার-ছক্কার ঝড় তুলতে তুলতে হাঁকালেন ১০টি চার ও এক ডজন ছক্কা। ২৫ বলে ফিফটির পর সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন মাত্র ৫৮ বলে। এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই ব্যাটসম্যান। মনে হচ্ছিল, টানা দ্বিতীয়বার দেড়শ ছুঁয়ে ফেলবেন। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই আউট হয়ে থামেন ১৪৮ রানে।

এই টুর্নামেন্টে তার ব্যাট যেন থামতেই চাইছে না। লাহোর হোয়াইটসের বিপক্ষে ১৮২ রান তাড়ায় ৫৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ৪৮ বলে ৬২, ৪৭ বলে ৭৬।

তবে তার সেরা ইনিংস এসেছিল কোয়েটারের বিপক্ষে। গত শুক্রবার মুলতানে ৭২ বলে ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি, যেখানে ছিল ১৪টি চার ও ১১টি ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটি ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ স্কোর এবং পাকিস্তানের ইতিহাসে সেরা।

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে তার সংগ্রহ ৫৮৮ রান, যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। তার ব্যাটিং গড় ১৪৭, স্ট্রাইক রেট ১৯৪.০৫! টুর্নামেন্টের বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউ আড়াইশ রানও করতে পারেননি। অন্যদের সম্মিলিত সেঞ্চুরিও রয়েছে মাত্র দুটি!

২৯ বছর বয়সী সাহিবজাদা পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও সুবিধা করতে পারেননি। মাত্র ৮৬ রান করেছেন ৯.৫৫ গড়ে। তবে এবার জাতীয় টি-টোয়েন্টি কাপে এমন পারফরম্যান্সের পর আবারও জাতীয় দলে ফেরার দাবি জোরাল করলেন তিনি।

টুর্নামেন্টে সাহিবজাদার সামনে আরও একটি ম্যাচ। শুক্রবার ফাইনালে তার দল পেশাওয়ার লড়বে লাহোর ব্লুজের বিপক্ষে। তার ব্যাট থেকে আরেকটি বিধ্বংসী ইনিংস দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত