বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের পিএসএলে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন। লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য এনওসি পেলেও, নাহিদ রানাকে দেওয়া হয়েছে আংশিক মৌসুমের ছাড়পত্র। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পরই তিনি পিএসএলে যোগ দিতে পারবেন।
আগামী ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে দশম পিএসএলের। টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত। তবে একই সময়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ থাকায় এনওসি নিয়ে ছিল কিছুটা জটিলতা। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, ২৮ এপ্রিল চট্টগ্রামে গড়াবে দ্বিতীয় টেস্ট।
চলতি বছরের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল পিএসএলের খেলোয়াড় ড্রাফট। সেখানে দল পেয়েছেন বাংলাদেশের এই তিন ক্রিকেটার। লিটনকে দলে নিয়েছে করাচি কিংস, রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে, আর পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে নাহিদ রানাকে।
বিসিবির ছাড়পত্র পাওয়ার ফলে এবার আর কোনো বাধা নেই লিটন-রিশাদ-নাহিদের পিএসএল যাত্রায়। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের মেলে ধরার এটি দারুণ এক সুযোগ তাদের জন্য।
কম্পিউটার বিশ্লেষকের ছোঁয়ায় সফল আবাহনী