ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে কভেন্ট্রি সিটির বিপক্ষে আগামীকাল মাঠে নামবে শেফিল্ড ইউনাইটেড। তবে ম্যাচের আগেই দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে খুঁজে পাচ্ছেন না কোচ ক্রিস ওয়াইল্ডার!
বাংলাদেশ জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচেই অভিষেক হয় হামজার। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৯০ মিনিট দাপট দেখিয়েছেন এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার। কখনো রক্ষণভাগে, কখনো মাঝমাঠে—পুরো ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে খেলেছেন তিনি।
জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরেছেন হামজা। এরপর আজ ম্যানচেস্টারের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তবে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। সংবাদ সম্মেলনে মজার ছলে তিনি বলেন, ‘আমি জানি না হামজা কোথায় আছে! যদি কেউ তাকে দেখে থাকেন, দয়া করে আমাকে জানান!’
জাতীয় দলের হয়ে খেলাটা হামজার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন কোচ ওয়াইল্ডার। তিনি বলেন, ‘সে নিশ্চয়ই এটি উপভোগ করেছে। এটি তার জীবনের একটি বড় অংশ, যা তার এবং তার দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা (বাংলাদেশ) ভালো একটি ফল পেয়েছে, আর হামজা এর অংশ ছিল।’
চ্যাম্পিয়নশিপ লিগের ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে, ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে কভেন্ট্রি সিটি। কভেন্ট্রির কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন চেলসি কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
কালকের ম্যাচে হামজা চৌধুরী মাঠে থাকবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়!
মাদাম তুসোর জাদুঘরে এমবাপ্পে
প্রিমিয়ার লিগে দুবার হবে গ্রীষ্মের দল-বদল