দাপুটে জয়ে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়াল বার্সা

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৮:২১ এএম

লা লিগার স্থগিত হওয়া ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে বার্সেলোনা।

নির্ধারিত সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৮ মার্চ, তবে খেলা শুরু হওয়ার ২০ মিনিট আগে বার্সার চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে তা স্থগিত করা হয়।

তবে পুনর্নির্ধারিত ম্যাচের সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা কোচ হানসি ফ্লিক। আন্তর্জাতিক বিরতির মাত্র এক দিন পর ম্যাচটি আয়োজন করাকে "অযৌক্তিক" বলে মন্তব্য করেন তিনি। দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় রাফিনহা এই ম্যাচে খেলতে পারেননি, কারণ তিনি ব্রাজিল থেকে দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামে ছিলেন।

বার্সার ডিফেন্ডার জুলস কুন্দেও সময়সূচির কঠোর সমালোচনা করে বলেন, "এটা শুধু ক্লাবের জন্য নয়, খেলোয়াড়দের জন্যও অসম্মানের। আমাদের বোঝা উচিত, আমরা যন্ত্র নই।"

তবে মাঠের লড়াইয়ে বার্সেলোনা ছিল দুর্দান্ত। অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে স্বাগতিকরা। অ্যালেক্স বালডের পাস থেকে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে নেন। এরপর দানি ওলমো পেনাল্টি পান, তবে ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা তার শট রুখে দেন। তবে রেফারি দেখেন, প্রতিপক্ষ দলের এক খেলোয়াড় বক্সে ঢুকে পড়েছিলেন, ফলে পেনাল্টি পুনরায় নিতে হয়, আর দ্বিতীয়বার সুযোগ পেয়ে ওলমো সহজেই গোল করেন।

প্রথমার্ধেই অবশ্য ইনজুরির কারণে ওলমোকে তুলে নিতে হয়। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা রবের্ত লেভানদোভস্কি মাথার নিখুঁত ছোঁয়ায় বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন, যা এক দুর্দান্ত পাল্টা আক্রমণ থেকে আসে।

এই জয়ে বার্সেলোনা ৩০ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে, রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তাদের ব্যবধান এখন সাত পয়েন্ট। রোববার লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচে বার্সেলোনা ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিবেশী দল জিরোনার বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত