পুরান ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৯:০৬ এএম

রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দরাবাদকে যেন তাদেরই কায়দায় হারাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংসে ১৯০ রানের লক্ষ্য মাত্র ২৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে তারা। ২৫ বলে ৭০ রানের ইনিংসে পুরান ছিলেন অপরাজেয়, যেখানে ছিল ৬টি চার ও ৬টি বিশাল ছক্কা।

পুরানের আগ্রাসন শুরু হয় ১৮ বলে ফিফটি ছুঁয়ে, যা এবারের আইপিএলের দ্রুততম অর্ধশতক। টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নামা মিচেল মার্শও, ৩১ বলে ৫২ রান করেন এই ওপেনার। তবে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্ত, ১৫ বলে করেন মাত্র ১৫ রান। না হলে হয়তো আরও আগেই লক্ষ্যে পৌঁছে যেত লক্ষ্ণৌ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদ শুরুতেই চাপে পড়ে। তৃতীয় ওভারেই শার্দূল ঠাকুরের বলে অভিষেক শর্মা ও ঈশান কিষানকে হারিয়ে ধাক্কা খায় তারা। এরপর পাওয়ারপ্লেতে ৬২/২ সংগ্রহ তুলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ২৮ বলে ৪৭ রান করে ট্রাভিস হেড আউট হলে আবারও চাপে পড়ে দলটি।

হাইনরিখ ক্লাসেন ১৭ বলে ২৬ রান করে রানআউট হয়ে যান, তবে শেষদিকে অনিকেত বার্মার ১৩ বলে ৩৬ ও প্যাট কামিন্সের ৪ বলে ১৮ রানের ঝড়ো ইনিংসে ১৯০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ।

কিন্তু পুরান-মার্শদের ব্যাটিংয়ে সেই সংগ্রহও খুব সহজ করে তোলে লক্ষ্ণৌ। এবারের আইপিএলে এটি তাদের প্রথম জয়, কারণ প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরে গিয়েছিল তারা। অন্যদিকে, রাজস্থানকে হারিয়ে আসা হায়দরাবাদ এবার পেল প্রথম হার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত