দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বোলাররা তুলোধুনো করেছিলেন বাংলাদেশি পেসারদের। তাসকিন আহমেদ ছাড়া বাকিরা ছিলেন খরুচে। মোস্তাফিজুর রহমান সেদিন ৯ ওভারে ৬২ রান খরচা করেছিলেন। তানজিম আহমেদ সাকিব ৮.৩ ওভারে দিয়েছিলেন ৫৮ রান। নিউজিল্যান্ড ম্যাচে সাকিব না খেললেও ফিজ রান খরচ করেছেন সমানতালেই। একই দৃশ্য সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে।
পেসারদের এমন বেহাল অবস্থায় জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তার জায়গায় নতুন কাউকে খোঁজা হচ্ছে। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা ডেইলি সানকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিউজিল্যান্ডের সাবেক পেসার অ্যাডামসের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি শেষ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তবে দলের ভেতরে অসন্তোষের কারণে তার মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেওয়ার সম্ভাবনা প্রবল। তার বদলে নতুন পেস বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেসার উমর গুল ও অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইটকে বিবেচনায় রেখেছে বিসিবি।
২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলা গুল ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর কোচ হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেছেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচিংয়ের পাশাপাশি আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। পরে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বও পালন করেন।
অন্যদিকে ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য শন টেইটও বিসিবির নজরে আছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের কোচ হিসেবে কাজ করার সময় বিসিবির কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেন। এর আগে ২০২২ সালে এক বছরের জন্য পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন টেইট। বর্তমানে তিনি পিএসএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করাচ্ছেন।
‘অনিশ্চিত’ সাকিবের ফেরার আশায় বিসিবি
বাংলাদেশ থেকে ফিরে ক্লান্ত হামজা কি খেলবেন কভেন্ট্রির বিপক্ষে?