বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হস্তক্ষেপ করত, এমনকি একাদশ সাজানোর ক্ষেত্রেও। তবে বর্তমান বোর্ড তুলনামূলকভাবে ক্রিকেটারদের স্বাধীনতা দিচ্ছে বলে মনে করেন তিনি।
তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশের সেরা পেসারদের একজন। সাম্প্রতিক পারফরম্যান্সেও তিনি সেটা প্রমাণ করেছেন। গত বছর সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৩ উইকেট শিকার করেন তিনি। ওয়ানডেতে ৭ ম্যাচে ২৩.৯২ গড়ে ১৪ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
তার ধারাবাহিক পারফরম্যান্সের ফলে উইজডেন ও ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিয়েছেন একমাত্র বাংলাদেশি হিসেবে। বিসিবির একমাত্র ‘এ প্লাস’ ক্যাটাগরির চুক্তিবদ্ধ ক্রিকেটারও তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসকিন জানান, আগের দুই বছর আইপিএল ও পিএসএলে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো তার প্রতি আগ্রহ দেখালেও বিসিবি তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। এ কারণেই এবার তাকে কোনো দল ডাকার আগ্রহ দেখায়নি বলে মনে করেন তিনি।
২০২২ সালে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস তাকে নিতে চেয়েছিল, কিন্তু বিসিবি অনুমতি না দেওয়ায় যেতে পারেননি তাসকিন। পরের বছরও একই দল আগ্রহ দেখালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। একইভাবে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল থেকেও ডাক পেলেও তিনি সেখানে খেলতে পারেননি। তবে এবার আইপিএলের নিলামে তার প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘এই বছর তো বোর্ড থেকে আশ্বস্ত করা হয়েছে এনওসি দেওয়া হবে। কিন্তু আগের দুই বছর দেওয়া হয়নি। সেটার কারণে হয়তোবা ফ্র্যাঞ্চাইজিগুলো কিছুটা ডিস্টার্ব। তাই আর ডাকেনি এবার আর। তারা তো পুরো মৌসুম চায়। এবার দেওয়ার ইচ্ছে থাকলেও আগের দুই মৌসুম দেওয়া হয়নি।’
একই সাক্ষাৎকারে তাসকিন জানান, আগে বোর্ডের হস্তক্ষেপ অনেক বেশি ছিল, যা দলের পরিকল্পনায় প্রভাব ফেলত। কিন্তু বর্তমানে ক্রিকেটারদের কিছুটা হলেও স্বাধীনতা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আগে তো একাদশ সাজানো থেকে শুরু করে সবকিছুতেই হস্তক্ষেপ করা হত। এখন তো অন্তত ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া হয়।’
তাসকিনের মতে, দলীয় পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এটা যদি দলীয় খেলা না হয়ে ব্যক্তিগত খেলা হত, তাহলে এই পারফরম্যান্সের আলাদা মর্যাদা থাকত। কিন্তু আমরা পারফরম্যান্সের পরও দল যদি ভালো না করে তাতে আমি সন্তুষ্ট হতে পারি না।’
সালাহউদ্দিনের পুনঃনিয়োগ চূড়ান্ত
‘অনিশ্চিত’ সাকিবের ফেরার আশায় বিসিবি