ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি দীর্ঘ যানজট

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বালুবাহী একটি ট্রাক উল্টে দুই লেনে দীর্ঘ ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের মুখে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রামমুখী লেনে ১৫ কিলোমিটার ও ঢাকামুখী লেনে ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশ যানজট নিরসনের জন্য কাজ করছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌঁনে ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনের ইলিয়টগঞ্জ বাজারের অংশে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেকের মধ্যেই ট্রাকটি সরিয়ে নেয় হাইওয়ে পুলিশ। তবে যানজটে উল্টো পথে আসতে শুরু করে পরিবহন এতে উভয়পাশেই যানজট সৃষ্টি হয়েছে।

মাইক্রোবাসের চালক আবুল খায়ের বলেন,  মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে ঢাকার দিকে রায়পুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা ছড়িয়েছে যানজট। আর ঢাকামুখী লেনে কুটুম্বপুর থেকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পর্যন্ত যানজট ছাড়িয়েছে।

বাসা যাত্রী এয়াকুব আলী বলেন, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। চান্দিনা এলাকায় এসে তীব্র যানজট কবলে পড়ি। প্রায় এক ঘণ্টা আটকা আছি। অনেক গরম পড়ছে। কষ্টে আছি। কখন যে এখান থেকে উদ্ধার হব।

এদিকে যানজট নিরসনে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসন। উল্টো লেনে গাড়ি ঢোকা থামাতে কাজ করছে একাধিক টিম।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ট্রাক সরানো হয়েছে। কিন্তু উল্টো লেনে পরিবহন এসে পড়াতে যানজট লেগেছে। আমরা কাজ করছি। এখন ধীর গতিতে এগুচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত