অভিষেকেই জন্মভূমির বিপক্ষে রেকর্ড গড়লেন ‘পাকিস্তানি’ আব্বাস

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:০৩ এএম

তার জন্ম হয়েছে পাকিস্তানের মাটিতে। খেলছেন নিউজিল্যান্ডের হয়ে। আজ শনিবার নিজের জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই ওয়ানডের দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ফেললেন মুহাম্মদ আব্বাস। নিউজিল্যান্ডের হয়ে মাত্র ২৪ বলে ফিফটি করেছেন ২১ বছরের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

নেপিয়ারে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ইনিংসের ৪২ তম ওভারে উইকেটে আসেন আব্বাস। ২৪ বলে ফিফটি করা আব্বাস ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেন ২৬ বলে ৫২। এতদিন অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের। দুজনেই ২৬ বলে ফিফটি করেছিলেন।

আব্বাসের বাবা আজহার আব্বাস পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। বর্তমানে ওয়েলিংটনে স্থানীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই পেসার। ছেলেকেও গড়ে তুলেছেন ক্রিকেটার হিসেবে। আব্বাসের পরিবার এখন ওয়েলিংটনে বসবাস করে। গত ফেব্রুয়ারিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন আব্বাস। এরপরই তিনি জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন।

ছেলেকে নিয়ে ইএসপিএনক্রিকইনফোকে আজহার আব্বাস বলেছেন, ‘(জাতীয় দলে ডাক পেয়ে) ও আসলে আবেগপ্রবণ হয়ে পড়েছিল। যে কোনো মানুষ এভাবে অনুভব করবে। উচ্ছ্বসিত, খুব খুশি, কিন্তু একই সঙ্গে অবাকও। ও ভালো খেলোয়াড়, তবে ঘরোয়া ক্রিকেট আরও অনেক ভালো খেলোয়াড় আছে। অনেক ক্রিকেটারের খেলা দেখতে ভালো লাগে। ও তাদের একজন। তাই এটি আমাদের সবার জন্যই একটি চমক ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত