দৃশ্যটা একবার ভাবুন। মিয়ামি ওপেনের ফাইনালে ওঠার লড়াই করছেন নোভাক জকোভিচ, গ্যালারিতে বসে তা দেখছেন স্বয়ং লিওনেল মেসি! এই ঘটনাই ঘটেছে শুক্রবার রাতে। হার্ড রক স্টেডিয়ামে ১৪তম বাছাই গ্রিগর দিমিত্রভকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে মিয়ামি ওপেনের ফাইনালে উঠেছেন জকোভিচ। এই দৃশ্য প্রত্যক্ষ করেছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা মেসি।
ম্যাচ শেষে লকার রুমে দুই ভুবনের দুই কিংবদন্তির দেখা হয়। তারা কুশল বিনিময়ের পাশাপাশি উপহার আদান-প্রদান করেন। জকোভিচ বলেন, ‘কিং লিওকে গ্যালারিতে পাওয়াটা অনেক বড় সম্মানের। প্রথমবার আমি তার সামনে খেললাম। আমরা একই বয়সী। মেসি একজন দুর্দান্ত ক্রীড়াবিদ। তিনি শুধু একজন ফুটবলারই নন, গত ২০ বছর ধরে খেলাধুলার জগতে তার প্রভাব অসীম। তাই তাকে সরাসরি দেখতে পারাটা আমার জন্য বিরাট আনন্দের, অবশ্য কিছুটা চাপেরও বটে।’
মেসি এবং জকোভিচ দুজনের বয়সই ৩৭। আগামী ২২ মে জকোভিচ এবং ২৪ জুন মেসি নিজেদের ৩৮তম জন্মদিন পালন করবেন। জকোভিচ আরও বলেন, ‘মেসির পুরো পরিবারের সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। এটা আমার জন্য আবেগময় মুহূর্ত। মেসি শুধু একা আসলেও একটা বিষয় ছিল, কিন্তু সে পুরো পরিবারকে নিয়ে এসেছে। একজন বাবা হিসেবে আমি জানি এর মানে কী। আমার জন্য, এই টুর্নামেন্টের জন্য এবং টেনিসের জন্য তার এই উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
অভিষেকেই জন্মভূমির বিপক্ষে রেকর্ড গড়লেন ‘পাকিস্তানি’ আব্বাস
যুক্তরাজ্যে ফিরেই ম্যাচ জিতলেন হামজা