ঈদ যাত্রা

স্বস্তিতে পার হচ্ছে পদ্মা সেতু, নেই ভোগান্তি

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:৪৪ এএম

ঈদ যাত্রার দ্বিতীয় দিনে পদ্মা সেতু দিয়ে স্বস্তিতে পারাপার হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। শনিবার (২৯ মার্চ) ভোর থেকে থেমে থেমে চাপ লক্ষ্য করা গেলেও নেই যানজট। নির্বিঘ্নে পদ্মা পারি দিতে পেরে আনন্দিত ঈদ যাত্রীরা।

তারা বলছেন, শিমুলিয়া ঘাট দিয়ে পদ্মা পারির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এরপর আমাদের স্বপ্ন বাস্তবায়ন করা হয় পদ্মা সেতু উদ্বোধন দিয়ে। আমরা এ সেতু দিয়ে নির্বিঘ্নে পারাপার হচ্ছি। তবে গত ঈদের থেকে এ বছর স্বস্তিতে পার হতে পারছি। কোনো যানজট নেই। আমাদের নিরাপত্তা দিতে প্রশাসনও তৎপর দেখা গেল।

এদিকে আজ (২৯ মার্চ) শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন (যুগ্ম সচিব) আলতাফ হোসেন শেখ পদ্মা সেতুর সার্বিক অবস্থা পরিদর্শনে মাওয়া প্রান্তে আসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এবারের ঈদ যাত্রীদের লম্বা ছুটির কারণে সেতু ব্যবহারকারীরা বেশি সময় নিচ্ছে, তাই যানজট নেই। পরিস্থিতি খুবই ভালো। মানুষের মাঝে স্বস্তি দেখা যাচ্ছে। 

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার গাড়ি পারাপার হয়েছে। এতে ৪ কোটি ২৫ লাখ টাকা টোল আদায় হয়। একদিনের পঞ্চম সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে শুক্রবার।

পরিচালক আরও বলেন, অনেক সময় গাড়ির তেল হঠাৎ শেষ হয়ে যায়। তাই অস্থায়ীভাবে তেলের পাম্প স্থাপন করা হয়েছে, বিশ্রামের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা করা হয়েছে। সে সাথে অসুস্থ হয়ে গেলে স্থানীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা দিতে পারবে। আর এসকল ব্যবস্থা ঈদের পরেও থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত