ভূমিকম্পে ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০২:৩৫ পিএম

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর পার্শ্ববর্তী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন আজ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে তিন জন নিহত হওয়ার খবর ছিল।

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন জানায়, ধসের সময় ৪৩ জন শ্রমিক ভবনটির নিচে আটকা পড়েছিলেন, তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হয়, অন্তত ৮১ জন শ্রমিক আটকা পড়েছেন। ঘটনার সময় ভবনটির নির্মাণস্থলে প্রায় ৩২০ জন কর্মী কাজ করছিলেন। উদ্ধারকাজ চলছে এবং ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে শ্রমিকরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সময় ২০ জন লিফটের খাদে আটকা পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা সম্পর্কে এখনই নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না, তবে উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

ব্যাংক সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেছেন, ‘যখন আমি ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছালাম, আমি শুনতে পেলাম লোকজন সাহায্যের জন্য ডাকছে। তাদের ‘মাকে সাহায্য করো’ বলে চিৎকার করতে দেখলাম।’

ধ্বংস হওয়া ভবনটি একটি সরকারি অফিস হিসেবে নির্মাণ করা হচ্ছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত