সুন্দরবনে এবার ১ এপ্রিল হচ্ছে না মধু সংগ্রহ উৎসব

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৭:০৬ পিএম

প্রতি বছরের মতো ঐতিহ্য ধরে রেখে এ বছর পহেলা এপ্রিলে মধু আহরণ করতে সুন্দরবনে যাওয়া হচ্ছে না মৌয়াল বনজীবীদের। পবিত্র ঈদুল-ফিতরের কারণে এ বছর পহেলা এপ্রিল সুন্দরবন থেকে মৌয়ালদের মধু আহরণ করতে বৈধ পাস দেওয়াও হচ্ছে না।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে এ বছর মধু আহরণ করার জন্য ইতোমধ্যে ৬০টি বিএলসি জমা হয়েছে। এবছর ১৫শ’ কুইন্টাল মধু ও ৪শ’ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের কারনে ১ এপ্রিলের পরিবর্তে ৭ এপ্রিল থেকে মধু সংগ্রহের মৌসুম শুরু হবে।

এসও জিয়া জানান, ২২-২৩ অর্থ বছরে সুন্দরবন থেকে মৌয়ালরা মধু সংগ্রহ করেছেন ১০২৩ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩০৬.৯০ কুইন্টাল। ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে উক্ত মধু ও মোম সংগ্রহ করেন। পরবর্তী ২৩-২৪ অর্থ বছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়। তাদের সংগৃহীত মধু ১২৩৫ কুইন্টাল এবং মোম ৩৭০ দশমিক ৫০ কুইন্টাল। পবিত্র ঈদুল ফিতরের কারণে প্রতি বছরের মতো ঐতিহ্য ধরে রেখে এ বছর পহেলা এপ্রিলে মধু আহরণ করতে সুন্দরবনে যাওয়া হচ্ছে না মৌয়ালদের। তবে পাশ দেওয়া হবে ৭ এপ্রিল থেকে। ঐদিন সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে মধু সংগ্রহ উৎসব শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত