বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় পবিত্র ঈদের প্রধান জামাত বাগেরহাটের ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি এখানে নামাজ আদায় করেন। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে সকাল সওয়া আটটায় দ্বিতীয় ও নয়টায় ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, জেলা বিএনপির সমন্বয়ক সাবেক সভাপতি এম এ সালামসহ নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন। এ সময় জেলা বিএনপির সমন্বয়ক সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বাগেরহাটবাসী দলমত নির্বিশেষে সকলে মিলে নামাজ আদায় করেছে। সবাই মিলে এক সাথে থেকে যেন বাগেরহাটকে এগিয়ে নিতে পারি মহান আল্লাহর কাছে সেই দোয়া চাই।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, ঈদ আনন্দের। আজ শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ঐক্যবদ্ধভাবে খুশির ঈদ উদযাপন করছি।
এ ছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদ, কোর্ট মসজিদ, শহরের আলিয়া মাদরাসা, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদসহ বাগেরহাটে সহস্রাধিক ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
