বিজয়নগরে ঈদের দিন ছয় দোকানে আগুন, কোটি টাকার ক্ষতি

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৬:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো কাজী মনিরুল ইসলামের ফার্মেসি, লোকমান টেইলার্স, কালু টেইলার্স, জাহাঙ্গীর ফার্মেসি, আবু জাহেরের মুদি দোকান ও একটি সবজির দোকান। ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডে ৬টি দোকান ঘর পুড়ে মোট প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ফার্মেসি দোকানদার কাজী মনিরুল ইসলাম বলেন, ‘আমার দোকানে থাকা মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

মুদি দোকান মালিক আবু জাহের বলেন, সকালে ঈদের নামাজের সালাম ফেরাতেই খবর পেলাম দোকানে আগুন লেগেছে। সেখানে গিয়ে দেখি কিছুই নেই, সব পুড়ে ছাই। স্টোর রুম ও দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিল। মালামাল ও টাকাসহ প্রায় ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করেছি। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাজী শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় ৬টি দোকান পুড়ে গেছে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা'র মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত