ঈদের পরদিনও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটির সুযোগ নিয়ে কেউ ফিরছেন গ্রামের বাড়িতে, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে বের হচ্ছেন ঘুরতে।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।
মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের চাপ ছিলো বেশ লক্ষণীয়। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াগামী বাসগুলোর জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ না থাকলেও যাত্রীরা কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন।
ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দ্বিতীয় দিনেও আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীদের চাপ থাকলেও সবচেয়ে বেশি ভিড় ছিল কমিউটার ট্রেনের টিকিটের জন্য।
অনেক যাত্রী নির্ধারিত ট্রেনের টিকিট না পেয়ে বাধ্য হয়ে অন্য আন্তঃনগর ট্রেনে চড়ে বসছেন, ফলে সেখানেও বাড়ছে ভিড়। দীর্ঘ অপেক্ষার পরও অনেকেই টিকিট না পেয়ে বিকল্প পথে বাড়ির পথে রওনা হচ্ছেন।
যাত্রীদের অভিযোগ, ঈদের পরদিনও কেন পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা রাখা হয়নি। রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের পরদিন সীমিত সংখ্যক ট্রেন চলায় টিকিটের সংকট দেখা দিয়েছে। তবে বুধবার থেকে ট্রেনের শিডিউল স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
সাভারে ঈদের রাতে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা
ফ্রান্সে লো পেনের দণ্ড, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা