মাদারীপুরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পিএম

মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।

নিহতরা হলেন- শরিয়তপুরে জাজিরা উপজেলার জয়নগর এলাকার মন্জু সরদারের ছেলে রমজান সরদার (২১) একই উপজেলার ইসকান খার ছেলে আলি খান (২২) একই উপজেলার কলম ঢালীর কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় (১৯) ও শিবচর উপজেলা মিঠু খার মুন্সী কান্দি এলাকার শাজাহাস তালুকদারের ছেলে মিঠু (২৫)।

স্থানীয়রা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার সড়কে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনের চিকিৎসা চলছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, তিনটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ৪ জন মারা গেছে। চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও ২ যুবক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত