কর ফাঁকির অভিযোগে বিচার শুরু আনচেলত্তির

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পিএম

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অনচেলত্তির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে আদালতে বিচার শুরু হতে যাচ্ছে। ২০১৪ ও ২০১৫ সালে চিত্রস্বত্ব থেকে প্রাপ্ত এক মিলিয়ন ইউরোর বেশি আয় গোপন করার অভিযোগে বুধবার মাদ্রিদ আদালতে হাজির হবেন ইতালিয়ান কোচ।

৬৫ বছর বয়সী অনচেলত্তির বিরুদ্ধে স্পেনের প্রসিকিউটররা চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন জানিয়েছেন। তাদের অভিযোগ, তিনি স্পেনের বাইরে শেল কোম্পানির মাধ্যমে আয় লুকিয়ে রেখেছিলেন, যাতে প্রকৃত উপার্জনকারীকে চিহ্নিত করা না যায়।

প্রসিকিউটরদের দাবি, স্পেনে করদাতা হিসেবে নিবন্ধিত থাকলেও অনচেলত্তি কেবল ক্লাব থেকে পাওয়া ব্যক্তিগত আয় দেখিয়েছেন, অথচ তার চিত্রস্বত্ব থেকে আসা ২০১৪ সালের ১.২৪ মিলিয়ন ইউরো এবং ২০১৫ সালের ২.৯৬ মিলিয়ন ইউরোর আয় গোপন করেছেন। কর ফাঁকির পরিমাণ মোট ১.০৬ মিলিয়ন ইউরো।

তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল কোচ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং আদালতে নিজের অবস্থান পরিষ্কার করতে আগ্রহী। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, 'আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি চিন্তিত নই, তবে কর ফাঁকির মতো গুরুতর অভিযোগ স্বাভাবিকভাবেই বিরক্তিকর। তবে আমি আত্মবিশ্বাসী যে ন্যায়বিচার পাব। বুধবার আদালতে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরার অপেক্ষায় আছি।'

অনচেলত্তির আগে স্পেনের কর দপ্তরের নজরে পড়েছেন একাধিক ফুটবল তারকা ও কোচ। ২০১৬ সালে লিওনেল মেসি ও তার বাবা হোর্হে মেসি চিত্রস্বত্ব থেকে কর ফাঁকির অভিযোগে ২১ মাসের কারাদণ্ডে দণ্ডিত হন, যদিও স্পেনে দুই বছরের নিচের সাজা সাধারণত কার্যকর হয় না। একইভাবে ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়ালে খেলার সময় কর ফাঁকির দায় স্বীকার করে ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা দেন এবং ২৩ মাসের স্থগিত কারাদণ্ড পান।

২০১৯ সালে হোসে মরিনিয়ো রিয়ালের কোচ থাকার সময় কর ফাঁকির দায়ে এক বছরের স্থগিত কারাদণ্ড ও ২.২ মিলিয়ন ইউরো জরিমানা পরিশোধ করেন। একই বছর দিয়েগো কস্তা চেলসিতে যোগ দেওয়ার সময় পাঁচ মিলিয়ন ইউরোর বেশি আয়ের তথ্য গোপন করায় ৫.৪৩ লাখ ইউরো জরিমানা দেন।

ফুটবলের বাইরেও স্পেনে কর ফাঁকির অভিযোগে আলোচিত হয়েছেন গায়িকা শাকিরা। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১৪.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২৩ সালে আদালতের বাইরে সমঝোতায় তিনি দায় স্বীকার করে ৭.৩ মিলিয়ন ইউরো পরিশোধ করেন এবং আরও ৪.৩৮ লাখ ইউরো জরিমানা দিয়ে তিন বছরের কারাদণ্ড এড়ান।

এবার সেই একই আইনি ঝামেলায় পড়েছেন অনচেলত্তি। দুই দিন ধরে চলবে তার বিচার। তবে তার ভাগ্যে কী অপেক্ষা করছে, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত