দিনাজপুরের বিরামপুরের পূর্বপাড়ায় শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে জামাই। বুধবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে রমেক হাসাপাতালে নেওয়া হয়েছে। এদিকে জামাইকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ।
জানা গেছে, বিরামপুরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সঙ্গে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের ১০ বছর আগে বিয়ে হয়। মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি সেই অটোরিকশা ভেঙে যাওয়ায় সেটা শ্বশুর বাড়িতে দিয়ে যান। অটোরিকশার মালিক মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে তিনি শ্বশুর বাড়ির লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি শাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এতে শাশুড়ি বুলী বেগমের শরীর ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে উন্নত চিকিৎসার জন্য রমেকে রেফার্ড করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর আঙ্গুরী বেগম জানান, আগুনে বুলী বেগমের মাথা ও মুখমণ্ডল ব্যতিত সর্ব শরীর ঝলসে গেছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, দগ্ধ বুলী বেগম রংপুরে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আসামিকে আটকের জন্য অভিযান চলছে।
সিরাজগঞ্জে অস্ত্র লুট মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী