ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের মালিকানা কিনলেন টেন্ডুলকার-কন্যা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম

মুম্বাইয়ের ই-ক্রিকেট দল পেল নতুন মালিক। ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবার গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগের (জিইপিএল) মুম্বাই ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছেন। ডিজিটাল বিনোদন ও প্রযুক্তি প্রতিষ্ঠান জেটসিনথেসিস এই খবর নিশ্চিত করেছে।

বিশ্বের বৃহত্তম ই-ক্রিকেট লিগ হিসেবে পরিচিত জিইপিএল ‘রিয়েল ক্রিকেট’ গেমের মাধ্যমে পরিচালিত হয়। এই গেমটি এখন পর্যন্ত ৩০০ মিলিয়নের বেশি বার ডাউনলোড হয়েছে। প্রথম আসরের তুলনায় দ্বিতীয় আসরে পাঁচ গুণ বেশি জনপ্রিয়তা লাভ করেছে লিগটি, যেখানে ৯ লক্ষ ১০ হাজার খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন। জিওসিনেমা ও স্পোর্টস১৮-এ সম্প্রচারিত এই ই-স্পোর্টস টুর্নামেন্ট ইতোমধ্যেই ৭ কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছেছে।

সারা টেন্ডুলকার মুম্বাইয়ের সঙ্গে তার গভীর সংযোগের প্রতিফলন ঘটিয়ে এই ফ্র্যাঞ্চাইজি কিনেছেন। একই সঙ্গে এটি ই-ক্রিকেটকে আঞ্চলিকীকরণ, উদ্ভাবন ও নেতৃত্বের নতুন দিগন্তে নিয়ে যাবে। তাঁর যুক্ত হওয়া লিগটিকে আরও শক্তিশালী করবে এবং ডিজিটাল যুগে ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন মাত্রা যোগ করবে।

সারা টেন্ডুলকার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। এবার ই-স্পোর্টসে তার সম্ভাবনা খুঁজে পাওয়া রোমাঞ্চকর। মুম্বাই ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়া আমার জন্য স্বপ্নপূরণের মতো। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং এই শহরের প্রতি আবেগ একসঙ্গে মিশে গেছে এই যাত্রায়। আমি আমাদের প্রতিভাবান দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি, যারা অনুপ্রাণিত করবে এবং দর্শকদের আনন্দ দেবে।'

জেটসিনথেসিসের সিইও ও প্রতিষ্ঠাতা রাজন নাভানি জানান, 'সারা টেন্ডুলকার নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের প্রতিনিধি। তাঁর ক্রীড়া ও ই-স্পোর্টসের প্রতি আগ্রহ এবং বিপুল জনপ্রিয়তা আমাদের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এই সহযোগিতার মাধ্যমে জিইপিএল আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দেবে।'

জিইপিএলের লিগ কমিশনার রোহিত পোতফোডে বলেন, 'সারা টেন্ডুলকারের যুক্ত হওয়া লিগের জন্য একটি যুগান্তকারী ঘটনা। তাঁর জনপ্রিয়তা ও দর্শকদের সঙ্গে সংযোগ লিগের মান আরও বাড়িয়ে দেবে।'

দ্বিতীয় আসরে আরও বেশি প্রতিযোগিতা, নতুন দল কাঠামো ও উন্নত গেমপ্লে যুক্ত হচ্ছে, যেখানে থাকবে ‘রিয়েল ক্রিকেট ২৪’-এর অত্যাধুনিক প্রযুক্তি। মে ২০২৫-এ জমকালো গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শিরোপার লড়াই শেষ হবে, যেখানে বিশ্বসেরা ই-ক্রিকেট দল ‘ই-ক্রিকেট আইকন’ খেতাবের জন্য মুখোমুখি হবে।

সারা টেন্ডুলকারের নেতৃত্বে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির নতুন যাত্রা ক্রিকেট ও ই-স্পোর্টসের সংযোগকে আরও মজবুত করবে, যা ডিজিটাল দুনিয়ায় নতুন যুগের সূচনা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত