বিকেলে বিমসটেক সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ড. ইউনূস

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পিএম

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

আজ বৃহস্পতিবার বিকেলে ব্যাংককে অনুষ্ঠিত ‘ইয়ং জেন ফোরাম: হোয়্যার দ্য ফিউচার মিটসে’ মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। তার বক্তব্যের শিরোনাম হবে ‘ফিউচার রেডি বিমসটেক: প্রো বিমসটেকের পথে তরুণ প্রজন্মের ভূমিকা’।  

আজ স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।  

আজ সকালে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নিয়েছেন। ইতোমধ্যে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যাতে বিমসটেকের সাত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেছেন।  

প্রধান উপদেষ্টা আজ স্থানীয় সময় বিকেল ৩টায় ‘বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামে’ বক্তব্য রাখবেন। এছাড়াও আগামীকাল তিনি বিমসটেক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেবেন। সফরকালে তিনি ভারতসহ বিমসটেক সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি সম্মেলনের সময় দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে।  

আগামীকাল শুক্রবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। ব্যাংকক সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।  

বিমসটেক সম্মেলনের তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।  

এই সম্মেলন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত