২০২৬ বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে হয়ে যাচ্ছে ৪৮টি। এই সংখ্যাটি আরও বাড়ানোর পরিকল্পনা শুরু করেছে ফিফা। গত ৬ মার্চ ফিফার অনলাইন সভায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করা হয়। কিন্তু এই প্রস্তাবের সঙ্গে মোটেও একমত নন উয়েফা সভাপতি তথা ফিফার সহ-সভাপতি আলেকজান্ডার সেফেরিন।
ফিফার সেই সভায় আলোচনা ছিল যে, ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো যেতে পারে। ওই বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। একটি করে ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। গত ৬ মার্চের সভায় উরুগুয়ের প্রতিনিধিই প্রস্তাব করেন ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের। এতে বিস্মিত উয়েফা সভাপতি।
বেলগ্রেডে অনুষ্ঠিত উয়েফা কংগ্রেসে আলেকজান্ডার সেফেরিন রীতিমতো বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এই প্রস্তাবটি আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর ছিল। আমার মতে, এটি একটি বাজে ভাবনা। অদ্ভুত ব্যাপার যে, ফিফা কাউন্সিলে প্রস্তাবটি ওঠার আগে আমরা এটি নিয়ে কিছুই জানতাম না। জানি না, এই ভাবনা কোত্থেকে উদয় হলো!’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য সবসময়ই ফুটবলকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার পক্ষে। এতে আর্থিকভাবে আরও লাভবান হওয়া সম্ভব। তবে অনেকেই মনে করছেন, এতে খেলার মান পড়ে যাবে। সূচি নিয়েও তৈরি হবে জটিলতা। উয়েফা সভাপতির ভাষায়, ‘বিশ্বকাপের জন্য তো নয়ই, এমনকি আঞ্চলিক বাছাইপর্বের জন্যও এটি ভালো কিছু হবে না।’
যুদ্ধ না থামালে ফুটবলে ফেরা হবে না রাশিয়ার
ব্রাজিলের এই গোলকিপার ৮ বছর একই অন্তর্বাস পরে খেলেন!
রোহিত জ্বলে উঠবে, বড় ইনিংসও খেলবে –বিশ্বাস পোলার্ডের