ঈদের বিরতি শেষে আবারও মাঠের লড়াইয়ে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় দেড় সপ্তাহের বিরতি শেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আবারও শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলনে নেমে পড়েছেন। সোমবার সকালে মিরপুরে অনুশীলন করতে দেখা গেছে সাইফ হাসান, নাহিদ রানা ও শেখ মেহেদীকে।
এবারের ডিপিএলে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে বিরতিতে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটিকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তবে ঈদের আগে শেষ ম্যাচে মাঠে নামতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান অধিনায়ক।
শেষ ম্যাচে টসের পরই বুকে ব্যথা অনুভব করেন তামিম, পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। যদিও এখন তিনি বাড়িতে ফিরেছেন, তবে মাঠে ফেরার মতো অবস্থায় নেই। ফলে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে মোহামেডানকে।
দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, ঈদের আগে তামিমের অনুপস্থিতিতে তাওহীদ হৃদয় দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তার ওপরই নেতৃত্বের দায়িত্ব আসার সম্ভাবনা বেশি।
তিনি বলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে হৃদয় দলকে নেতৃত্ব দিয়েছে। শেষ ম্যাচেও সে অধিনায়ক ছিল। আগামীকাল আমাদের অফিসিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে তামিমের জায়গা পূরণ করা সহজ নয় বলেও মন্তব্য করেন শিপন। মোহামেডান এখনো তামিমের পরিবর্তে কাউকে অন্তর্ভুক্ত করেনি। দলীয় ম্যানেজমেন্ট আলোচনার পরই সিদ্ধান্ত নেবে, কে দলের দায়িত্ব নেবেন। তবে সবচেয়ে সম্ভাবনাময় নাম তাওহীদ হৃদয়।
চার বছরের কারাদন্ড হতে পারে আনচেলত্তির