চীন ‘ভুল খেলেছে’: ট্রাম্প

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে চীনের পাল্টা শুল্ককে ‘ভুল পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘চীন ভুল খেলেছে, তারা আতঙ্কিত — এবং পরিণামের জন্য প্রস্তুত নয়!’

চীনের এই পদক্ষেপে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তার দাবি, এই পাল্টা শুল্ক বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ালেও, যুক্তরাষ্ট্রের জন্য এটি ‘ধনী হওয়ার সুযোগ’।

বিশ্ববাজারে এরই মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো ধস নেমেছে। ওয়াল স্ট্রিটে ডাও জোন্স সূচক ৫.৫% এবং এসঅ্যান্ডপি ৫.৯৭% কমে যায়। এর প্রভাবে বিনিয়োগ ও অবসর সঞ্চয়ে বিপুল ক্ষতি হয়েছে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি উচ্চ মুদ্রাস্ফীতি ও কম প্রবৃদ্ধি সৃষ্টি করতে পারে।

তবে ট্রাম্প অনড় অবস্থানে রয়েছেন। তিনি বলেন, ‘আমার নীতিতে কোনো পরিবর্তন আসবে না। এটি ধনী হওয়ার দুর্দান্ত সময়।’

৭৮ বছর বয়সী ট্রাম্প বিশ্বাস করেন, এই নীতিই বিদেশি কোম্পানিগুলোকে আমদানি নয়, বরং যুক্তরাষ্ট্রেই উৎপাদনে বাধ্য করবে। তিনি আরও বলেন, ‘শুধু দুর্বলরাই ব্যর্থ হবে। বড় কর্পোরেশনগুলোও শুল্ক নিয়ে চিন্তিত নয়, কারণ তারা জানে, তারা যুক্তরাষ্ট্রেই থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত