‘সবাইকে প্রয়োজন’, ইনজুরিতে বিধ্বস্ত বায়ার্নকে এগিয়ে নিতে কোম্পানি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ এএম

জামাল মুসিয়ালা ইনজুরির কবলে পড়েছেন। এর মধ্য দিয়ে বায়ার্ন মিউনিখের ইনজুরি তালিকায় যুক্ত হলেন আরও এক তারকা। এর আগে ডায়ো উপামেকানো, আলফোনসো ডেভিস ও হিরোকি ইতোর মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররাও ছিটকে গেছেন মাঠ থেকে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ের ঠিক আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তার কারণ। কিন্তু বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি আপাতত ধৈর্য হারাচ্ছেন না।

শুক্রবার ফিসি আগসবুর্গের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের পর কোম্পানি বলেন, 'প্রথমে ইন্টারকে বিশ্লেষণ করব। তারপর ঠিক করব, কেমনভাবে আমরা খেলব।'

তবে ইনজুরি নিয়ে আক্ষেপের বদলে তিনি বরং দলের বাকি ফুটবলারদের প্রতি আস্থা রেখেছেন। কোম্পানির কণ্ঠে আত্মবিশ্বাস, 'আমাদের দলে অনেক প্রতিভাবান ও অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা বিভিন্ন ভূমিকায় দলকে সাহায্য করতে পারে। আমাদের সবাইকে প্রয়োজন। যারা ফিট আছে, সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমাদের লক্ষ্য এখনো একটাই—প্রতিটি ম্যাচে জয়।'

চ্যাম্পিয়নস লিগে এবার নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া বায়ার্ন মিউনিখ। তবে মূল তারকাদের ইনজুরিতে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে দল। এই পরিস্থিতিতে কোম্পানির বার্তা—দলে যারা আছেন, তারাই হবেন আশা-ভরসার আলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত