ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ৯০ ব্যাচের পুনর্মিলনী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১০:১১ এএম

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি, ১৯৯০ ব্যাচের পুনর্মিলনী। দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে শৈশব-কৈশোরের বন্ধুদের মধ্যে জম্পেশ আড্ডা, খুনসুটি ও আনন্দ-উচ্ছ্বাসের রঙিন মুহূর্ত সৃষ্টি হয়। সতীর্থরা, তাদের পরিবার এবং শিক্ষাগুরুর উপস্থিতিতে পুরো দিনটি হয়ে ওঠে স্মৃতিময়। 

শুক্রবার (৪ এপ্রিল) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে পুনর্মিলনীর আয়োজন শুরু হয়। ঘণ্টার ধ্বনির মধ্য দিয়ে স্কুল জীবনের স্মৃতি তুলে ধরে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে শপথবাক্য পাঠ করা হয় এবং এক মনোরম র‌্যালি বের করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রাক্তন শিক্ষক সম্মাননা পর্বের সূচনা হয়। এই পর্বে স্মৃতিচারণ করেন সম্মানিত শিক্ষকরা—গুরুদাস সাহা, রমেন্দ্র নাথ রায় কর্মকার, প্রভাত কুমার বিশ্বাস, মুজাফফর হোসেন মোল্লা, শামসুল হক ভোলা মাস্টার, হারুনুর রশিদ, ইউনুস আলী, খলিলুর রহমান, মোহাম্মদ হারুনুর রশিদ ও লোকমান প্রামাণিক। তাঁদের উত্তরীয় পরিয়ে, মানপত্র পাঠ ও ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এছাড়া, প্রয়াত শিক্ষক এবং নব্বইয়ের এসএসসি পরীক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশেষ সম্মাননা লাভ করেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং এসএসসি' ৯০ ব্যাচের কৃতী শিক্ষার্থী, আইসিসির আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

বিকেলে স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন এসএসসি' ৯০ ব্যাচের শিক্ষার্থীরা—প্রবীর সাহা, মিসকাতুর আহমেদ মিতু, মোস্তাক আহমেদ রানা, এস্তেয়াক আহমেদ রাজু, তাপস নন্দী পলাশ, অমরেশ রায়, অশোকেশ রায়, সরফরাজ খান সুন্দর, রেজাউল করিম, শ্যামলেন্দু চক্রবর্তী, শোয়েবুল ইসলাম, মিরাজুর রহমান, এনামুল করিম মামুন, হাবিব মৃধা, বাকী বিল্লাহ খান পলাশ, সজল কুমার সাহা প্রমুখ। 

এরপর, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নাচের মাধ্যমে শৈশব-কৈশোরের স্মৃতিগুলি আরও জাগ্রত হয়। এই অনুষ্ঠানে অংশ নেন এসএসসি' ৯০ ব্যাচের শিক্ষার্থী, তাদের সন্তান এবং আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণী ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত