ফলের কার্টনে পাওয়া মরদেহের টুকরো অংশগুলো সাভারের সবুজ মোল্লার 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১২:২০ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি স্কুলের পাশে এবং ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মালঞ্চ এলাকায় ফলের কার্টনের মধ্যে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সবুজ মোল্লা। তিনি সাভারের যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতের মামা মহসিন মিয়া তার মরদেহ শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে। 

গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। এই ঘটনায় তার পরিবার সাভার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশ জানায়, সবুজ বনানি এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, গতকাল শুক্রবার বিকালে পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি এলাকায় স্থানীয়রা একটি ফলের কার্টন পড়ে থাকতে দেখে। কার্টনটি খুললে স্কচটেপ দিয়ে বাঁধা তিনটি প্যাকেটের ভেতর থেকে মাথা ও উরুর অংশ পাওয়া যায়। একইদিন সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জে মরদেহটির বাকি অংশও উদ্ধার করা হয়। পুলিশ, সিআইডি ও পিবিআইর ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য সূত্রের মাধ্যমে রাত ১২টার দিকে মরদেহটির পরিচয় সনাক্ত করে। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে এভাবে ভাগ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ জানতে একাধিক টিম তদন্তে কাজ করছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত