রিয়াল মাদ্রিদের জার্সিতে পেনাল্টি মিস করলেন ভিনিসিয়ুস জুনিয়র! শেষ পর্যন্ত তার ওই পেনাল্টি মিসই গড়ে দিল ব্যবধান। লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধের ১৩তম মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনি। তার দুর্বল শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি ফিরিয়ে দেওয়ার ২ মিনিট পরেই মুকতার দিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া।
বিরতির পর ৫০তম মিনিটে রিয়াল সমতায় ফেরে সেই ভিনির সৌজন্যেই। লুকা মদরিচের কর্নার থেকে জুড বেলিংহামের পাস পেয়ে এবার আর ভুল করেননি ব্রাজিল তারকা। এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করা রিয়াল গোল খেয়ে বসে যোগ করা সময়ের ৫ মিনিটে। রাফা মিরের দুর্দান্ত এক ক্রসে হেড করে গোল করে বদলি খেলোয়াড় উগো দুরো।
