অনেক সুযোগ নষ্ট করে পয়েন্ট হারাল বার্সেলোনা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম

কয়েক ঘণ্টা আগেই ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সামনে সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার। তবে রিয়াল বেতিসের বিপক্ষে অনেক সুযোগ নষ্ট করে পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল। লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

শনিবার রাতে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৩ শট নেয় বার্সেলোনা, এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। আর বেতিসের ছয় শটের দুটি ছিল লক্ষ‍্যে। ৬ষ্ঠ মিনিটে গোলমুখে প্রথম শট নেয় বার্সা। কর্নারের বিনিময়ে সেটা ফিরিয়ে দেন গোলকিপার। পরের মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফেরান তরেসের থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান তরুণ মিডফিল্ডার গাভি।

তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭তম মিনিটেই সমতায় ফেরেবেতিস। জিওভানি লো সেলসোর কর্নারে সবার উপরে লাফিয়ে চমৎকার হেডে গোলটি করেন নাতান বেনার্দো ডি সুজা। চলতি আসরে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এটাই প্রথম গোল। ম্যাচের বাকি সময় একের পর এক সুযোগ নষ্ট করেছে বার্সা। ৩০ ম‍্যাচে ২১ জয় ও চার ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত