গাজায় স্বাস্থ্যকর্মী হত্যা, অবশেষ ইসরায়েলের ভুল স্বীকার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম

গত ২৩ মার্চ গাজায় ১৫ জন জরুরি সেবাকর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে।

ঘটনার দিন রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকের বহরের ওপর ইসরায়েলের সৈন্যরা গুলি চালায়।

ইসরায়েলের সেনাবাহিনী শুরুতে দাবি করেছিল, অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়ি বহরটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা গুলি চালিয়েছিল।

আর গাড়িগুলোর চলাচলের বিষয়ে আগে থেকে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়নি বা তাদের জানানা হয়নি।

সর্বশেষ নিহত স্বাস্থ্যকর্মীদের একজনের তোলা মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে, আহতদের সাহায্য করার জন্য ডাকাডাকির সময় যানবাহনগুলোতে আলো জ্বালানো ছিল।

ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ দাবি করেছিল, নিহতদের মধ্যে অন্তত ছয়জন হামাসের সঙ্গে যুক্ত ছিল।

যদিও, নিজেদের বক্তব্যের সমর্থনে কোন প্রমাণ দেয়নি আইডিএফ। সেই সাথে আইডিএফ স্বীকার করেছে, সৈন্যরা গুলি চালানাের সময় গাড়ি বহরে থাকা মানুষেরা নিরস্ত্র ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত