শেরপুরের ঝিনাইগাতীতে বৈশাখী মেলায় জুয়ার আসরে অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাজেদুল নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাজেদুল উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রোববার (৬ এপ্রিল) সকালে পাইকুড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, প্রতিবছর পাইকুড়া বাজারে স্থানীয়ভাবে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের ভাই সুলতান, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী ও স্থানীয় ছাত্রদল নেতা আনন্দের তত্ত্বাবধানে জুয়ার আসর বসে। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় থানার পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালাতে যান। এ সময় আসাদ আলী ও আনন্দর নেতৃত্বে স্থানীয় ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় এসআই হারুন অর রশীদ, এএসআই মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও জুয়া আইনে ঝিনাইগাতী থানায় দুটি মামলা করেন। পুলিশ অ্যাসল্ট মামলায় ১৩ জনকে ও জুয়া আইনের মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। উভয় মামলায় গ্রেপ্তার সাজেদুলসহ ঝিনাইগাতী সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের ভাই সুলতান,ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আসাদ আলী ও স্থানীয় ছাত্রদল নেতা আনন্দকে আসামি করা হয়েছে।
হাটহাজারীতে দুই কিশোর গ্যাং নেতা গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি
বেঁচে যাওয়া নারী-শিশুদের ‘টুকরো টুকরো করে হত্যা’ করছে ইসরায়েলি বাহিনী