মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম

রাজধানীর গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ওই নারীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফারজানা আক্তারের ছোট বোন ফাহিমা আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। বাবার নাম আব্দুল বারেক। বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করেন ফারজানা। বেশকয়েক বছর আগে বিয়ে করেছিলেন। তবে সেই সংসার টেকেনি তার। 

তিনি আরও জানান, গতকাল রোববার রাতে কাজ শেষে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে নতুনবাজারের বাসায় ফিরছিলেন। গুলশান-২, ৩২ নম্বর রোডে মোটরসাইকেলের চাকায় ফারজানার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ফারজানাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন জানান, ভোরে গুলশান এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল আরোহী ওই নারী চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে রাস্তায় পরে আহত হয়। পরে স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত