'আকিব জাভেদ থাকলে পাকিস্তান বাংলাদেশের কাছেও হারবে'

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পিএম

ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সফরেও একই চিত্র। একের পর এক ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট দল এখন তীব্র সমালোচনার মুখে। সাবেক ক্রিকেটার বাসিত আলি তো সরাসরি নির্বাচক কমিটির পদত্যাগ দাবি করেছেন।

শুধু নির্বাচকরাই নয়, অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের দায়িত্ব ছাড়ার পক্ষে মত দিয়েছেন বাসিত। তার মতে, আকিব দায়িত্বে থাকলে বাংলাদেশের বিপক্ষেও হার দেখতে হবে পাকিস্তানকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আকিবকে সাময়িকভাবে কোচের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তার অধীনে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান।

এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যায় দলটি। কিন্তু সেখানেও একই ছবি—৪-১ ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। উল্লেখযোগ্য বিষয়, সিরিজটিতে ছিলেন না অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। সিদ্ধান্তটি ঘিরে হয়েছে ব্যাপক সমালোচনা।

ওয়ানডে সিরিজে ফিরলেও রিজওয়ান ও বাবর কিছু করতে পারেননি। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।

এই পুরো সময়জুড়ে পাকিস্তানের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “নির্বাচক কমিটির এখনই পদত্যাগ করা উচিত। ওরা জানেই না কীভাবে দল গঠন করতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে এখন পর্যন্ত দলটার দশা ভয়াবহ। এমনকি টমেটো বিক্রেতাও এখন জিজ্ঞেস করছে, ট্রফির দলে স্পিনার রাখা হয়নি কেন?”

আকিব জাভেদ প্রসঙ্গে তিনি আরও বলেন,“আকিবের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া। সে যদি আর চার মাস কোচ হিসেবে থাকে, তাহলে বাংলাদেশের কাছে হারবে পাকিস্তান।' 

আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। জুলাইয়ে তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান বাংলাদেশে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত