চ্যাম্পিয়নস লিগে দুই ঐতিহ্যবাহী ক্লাব—বায়ার্ন মিউনিখ ও ইন্তার মিলানের লড়াই মানেই উত্তেজনার পারদ চড়া। সেই হাইভোল্টেজ ম্যাচের আগে প্রতিপক্ষকে সম্মান জানাতে ভোলেননি বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি।
ইতালিয়ান সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার ও তাদের কোচ সিমোনে ইনজাগিকে নিয়ে বলেছেন, 'আমরা ইন্তারকে সমস্যায় ফেলতে চাই। তবে মানতেই হবে, গত কয়েক বছর ধরেই তারা দারুণ খেলছে। ম্যাচের বিভিন্ন পর্যায় কীভাবে সামাল দিতে হয়, সেটা ভালোভাবেই জানে তারা। কখন রক্ষণে নামতে হবে, আর কখন আক্রমণে উঠতে হবে—সব কিছুই তারা জানে। অভিজ্ঞতা ও মানসিকতা মিলিয়ে তারা ইউরোপের অন্যতম শক্তিশালী দল।'
ইন্তার কোচ ইনজাগির প্রশংসা করতে গিয়ে কম্পানি টেনে আনেন নিজের খেলা দিনের স্মৃতি। বলেন, 'আমি রবার্তো মানচিনির অধীনেই প্রিমিয়ার লিগ জিতেছি ম্যানচেস্টার সিটির হয়ে। তিনি আমাকে অনেক প্রভাবিত করেছেন। ইনজাগির মধ্যে আমি মানচিনির ছায়া দেখি।'
দুটি দলে তারকা খেলোয়াড়ের অভাব নেই। কম্পানির মতে, 'আগামীকাল মাঠে নামবে অনেক মানসম্পন্ন ফুটবলার। বায়ার্ন ও ইন্টার—দু’দলেই রয়েছে ভালো খেলোয়াড়। তাই ম্যাচটি হবে রোমাঞ্চকর।'
তবে মাঠের লড়াইয়ে শুধু তারকাই যথেষ্ট নয়, দরকার কৌশলগত নমনীয়তাও। প্রতিপক্ষ হিসেবে ভারসাম্যপূর্ণ ইন্টারকে ঠেকাতে তাই ম্যাচের ভেতরে ভেতরে নিজ পরিকল্পনায় পরিবর্তন আনতেও প্রস্তুত বায়ার্ন কোচ।
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বাকি শুধু আর্সেনালকে হারানো
লা লিগা প্রেসিডেন্টকে আর সহ্য করবে না বার্সা, কমিটি থেকে নাম প্রত্যাহার